ক্যাম্পাস
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধনে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ জবি শিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচি পালনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৯ জুন) এক প্রতিবাদলিপিতে এ উদ্বেগ প্রকাশ করেন জবি শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
বিবৃতিতে জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ ও সেক্রেটারি ইব্রাহিম খলিল বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস, দখলদারিত্ব, শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অভিযোগ রয়েছে। এমন একটি সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে কর্মসূচি পালন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
নেতৃদ্বয় আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা কিংবা অস্থিতিশীলতার জায়গা হতে পারে না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে কোনো নিষিদ্ধ বা সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা গোষ্ঠী যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সবসময় একটি নিরাপদ, শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এ লক্ষ্য অর্জনে কাজ করে যাবে।






