ক্যাম্পাস
জাবিতে সর্বোচ্চ নম্বরধারী ১৭ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০ ও ২০২১ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ১৭ জনকে ডিনস অ্যাওয়ার্ড এবং ৭৩ জনকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে ২০২০ ও ২০২১ সালের প্রতিটি অনুষদ ও ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি, প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ অর্জনকারী ৭৩ জন শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অনুষ্ঠানে বলেন, “ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখেছে এবং কর্মজীবনেও তারা সফলতার মাধ্যমে নিজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। মেধার পাশাপাশি নৈতিক মানুষ হওয়াও অত্যন্ত জরুরি। নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক কাজই তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।’’
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উচিত সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার অঙ্গীকার রাখা, ইতিবাচক চিন্তাভাবনা ধারণ করা এবং নিজেদের কর্মকাণ্ডে স্ববিরোধমুক্ত থাকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রবসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম। সভাপতিত্ব করেন ডিনস কমিটির সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।








