জাতীয়

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হলেন অধ্যাপক শরিফুল হুদা

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হলেন অধ্যাপক শরিফুল হুদা- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। গত ৯ জুন (সোমবার) অফিস আদেশটি প্রকাশ করা হয়।


অফিস আদেশে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


এর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব অর্পণ করা হয়েছে।


অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, তিনি প্রচলিত বিধি ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন।


অধ্যাপক শরিফুল হুদা দেশের ভূগোল, পরিবেশ ও জিআইএস (GIS) অঙ্গনের একজন সুপরিচিত গবেষক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, পিএইচডি এবং পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। জিআইএস, রিমোট সেন্সিং, পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, বনসম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র।


১৯৯৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করা অধ্যাপক শরিফুল হুদা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি। তিনি ‘দ্য ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন, বাংলাদেশ’-এর জাতীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এর নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ২০১৫ সালে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় অ্যাওয়ার্ড অথরিটির মর্যাদা অর্জন করে।


গবেষণা ক্ষেত্রেও অধ্যাপক শরিফুল হুদার অবদান উল্লেখযোগ্য। পানি ও পরিবেশ ব্যবস্থাপনা, নগর দূষণ, বনভূমির পরিবর্তন, নদী ও জলাশয় পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে তাঁর ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ, গ্রন্থ এবং বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে অনুষ্ঠিত রিমোট সেন্সিং অ্যান্ড ফটোগ্রামেট্রি সোসাইটির সম্মেলনে তিনি সেরা গবেষণা প্রবন্ধ উপস্থাপক পুরস্কার অর্জন করেন।


সম্পর্কিত খবর