ক্যাম্পাস
পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি নিজের হাতে লেখা পদত্যাগপত্রের ছবি শেয়ার করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লেখা ওই পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে একাডেমিক ও গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে বর্তমানে তার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “এমতাবস্থায় ছাত্র উপদেষ্টা পদ থেকে আমাকে অদ্য ১১ জুন ২০২৬ তারিখ অপরাহ্ন হতে অব্যাহতি প্রদানে আপনার একান্ত মর্জি হয়।”
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক বলেন, “আমার পদত্যাগের খবরটি সত্য। আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। একাডেমিক ব্যস্ততা এবং লেখালেখিতে ব্যাঘাত ঘটার কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, “একটি সভায় থাকার কারণে এখনো অফিসে যেতে পারিনি। তবে জেনেছি তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র হাতে পেলে বিস্তারিত জানা যাবে।”







