জাতীয়
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিল রোববার: শিশির মনির

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামী রোববার (১৪ জুন) সরকারের কাছে আপিল করা হবে বলে জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
তিনি জানান, সরকার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিলেও আগামী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনা করার আবেদনের আইনি সুযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আপিল করবে হাসপাতাল কর্তৃপক্ষ।আপিল চলাকালীন হাসপাতালের কার্যক্রম পরিচালনা করতে কোনো বাধা নেই বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব কর্তৃক্ষের কাছে সন্তোষজনক না হওয়ার লাইসেন্স বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয় আদেশে।
আদেশে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে এক ওডার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় কর্তৃক গঠিত এক তদন্ত কমিটির রিপোর্টে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে এ মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হাবে না, এ মর্মে একটি শোকজ নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নোটিশের জবাব দিতে তাদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হলেও আরও ৪৮ ঘণ্টার সময় চেয়ে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে গত ৯ জুন শোকজ নোটিশের লিখিত জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে জবাববে যে ব্যাখ্যা দেওয়া হয়, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982 এর ১১(২) (খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল।
তবে অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করা যাবে বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।







