ক্যাম্পাস
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. শামশুল হুদা এবং ‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন ‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিয়াজ মাখদুম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য, পরিবেশবিদ ও হালদা নদী গবেষক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া।
বক্তব্যে অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বৃক্ষরোপণ বাড়াতে হবে। তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্লাস্টিক সহজে পরিবেশে বিলীন হয় না; বরং সময়ের সঙ্গে এটি ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা মানবদেহে বিভিন্ন রোগব্যাধির কারণ হতে পারে।
তিনি আরও বলেন, দেশে প্রয়োজনীয় পরিমাণ বৃক্ষ নেই এবং নির্বিচারে গাছ কাটার প্রবণতা পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ে বৃক্ষ নিধনের ফলে পাহাড়ধসসহ বিভিন্ন ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিচ্ছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং মানুষের টিকে থাকার স্বার্থে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সঠিক স্থানে উপযোগী বৃক্ষ রোপণের আহ্বান জানান।







