ক্যাম্পাস

উচ্চশিক্ষায় অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে দুই সপ্তাহের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

উচ্চশিক্ষায় অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে দুই সপ্তাহের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবি উপাচার্য- খবরের থাম্বনেইল ফটো

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সর্বোত্তম চর্চা সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন এবং বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে দুই সপ্তাহের সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।


শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে রাবি উপাচার্যসহ দেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।


সফরকালে প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মেলবোর্ন ইউনিভার্সিটি, মোনাস ইউনিভার্সিটি, গ্রিফিথ ইউনিভার্সিটি, নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি এবং উলংগং ইউনিভার্সিটিসহ অন্যান্য প্রতিষ্ঠানে আয়োজিত কর্মশালা ও দলীয় আলোচনায় অংশ নেবেন। এসব কর্মসূচিতে উচ্চশিক্ষা ব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ের উত্তম অনুশীলন বিষয়ে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।


এ বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, “এই সফর থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক হবে।”


তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের উচ্চশিক্ষা খাতকে আরও গতিশীল, সুশাসিত এবং বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর