ক্যাম্পাস

শিক্ষার্থীদের গবেষণামুখী করতে রাবিতে 'সিআইএসআর' গবেষণা কেন্দ্রের আত্মপ্রকাশ

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

শিক্ষার্থীদের গবেষণামুখী করতে রাবিতে  'সিআইএসআর' গবেষণা কেন্দ্রের আত্মপ্রকাশ- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের গবেষণামুখী করে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি রিসার্চ’ (সিআইএসআর)।


শুক্রবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই গবেষণা কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করা হয়।


কেন্দ্রের আত্মপ্রকাশ উদযাপনের অংশ হিসেবে দিনব্যাপী এক বিশেষ একাডেমিক কর্মশালার আয়োজন করা হয়। 'Mastering Bibliometric Analysis and Systematic Literature Review: From Evidence Mapping to Research Insights' শীর্ষক এই আন্তর্জাতিক মানের ওয়ার্কশপে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (HUST) থেকে পিএইচডি অর্জনকারী গবেষক ড. মো: শাহিনুর রহমান।


দিনব্যাপী এই কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, পিএইচডি ও এমফিল ফেলো এবং তরুণ শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। কর্মশালাটি দুটি সেশনে বিভক্ত ছিলো।


প্রথম সেশনে এভিডেন্স ম্যাপিং এবং বিব্লিওমেট্রিক অ্যানালাইসিসের মতো আধুনিক ও আন্তর্জাতিক মানের গবেষণা টুলসগুলোর ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। জুম্মার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, SLR বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়, এরপর অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।


নবগঠিত এই গবেষণা কেন্দ্রটি সম্পর্কে আয়োজকরা জানান, CISR তরুণ গবেষকদের তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি বিভিন্ন অত্যাধুনিক রিসার্চ সফটওয়্যার ও টুলস ব্যবহারের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক গবেষণায় অবদান রাখার জন্যে ভালো গবেষক তৈরিতে কাজ করবে।


নিয়মিত সেমিনার, কর্মশালা ও সিম্পোজিয়ামের আয়োজন ছাড়াও আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নাল প্রকাশ এবং রিসার্চ কনফারেন্সের মাধ্যমে এটি বিশ্বমঞ্চে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে বদ্ধপরিকর।


উদ্বোধনী সেশনে CISR এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো: সোলাইমান চৌধুরী, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো: নুরুল ইসলাম নিপু, রাবির আইবিএস-এর এমফিল ফেলো নিলুফা আক্তার, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী তানজিম হাসান প্রাঙ্গন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুজন আলী জোয়ার্দার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো: মেহবুব হাসান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান, আইবিএ-এর শিক্ষার্থী রাশাদুজ্জামান রাকিব।


অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে উদ্ভাবনী আইডিয়া, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন এবং গবেষণালব্ধ জ্ঞানকে নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার নিরলস লক্ষ্য নিয়ে কাজ করবে CISR।


মূলত, গবেষণার নৈতিকতা ও সততা বজায় রেখে শিক্ষার্থীদের একটি বৈশ্বিক নেটওয়ার্কে যুক্ত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি সমৃদ্ধ, আন্তর্জাতিক মানসম্পন্ন ও টেকসই ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম’ গড়ে তোলাই এই সেন্টারের মূল স্বপ্ন।


এসময়, একটি তথ্যবহুল প্রশ্নোত্তর পর্ব এবং সফল সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে দেশের গবেষণা খাতকে সমৃদ্ধ করার প্রত্যয় নিয়ে শেষ হয় CISR-এর এই উদ্বোধনী ও দিনব্যাপী কর্মশালার আয়োজন।


সম্পর্কিত খবর