জাতীয়

ক্ষয়ক্ষতি সীমিত, তদন্তের আশ্বাস পুলিশের

ফরিদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

ডেস্ক

শেয়ারঃ

ফরিদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন- খবরের থাম্বনেইল ফটো

ফরিদপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক পাঁচটার দিকে তেতুলতলা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় স্থাপিত ওই নির্বাচনী ক্যাম্পে আগুন জ্বলতে দেখা যায়। ক্যাম্পটি কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপন করা হয়েছিল। তবে কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


অগ্নিকাণ্ডে একটি নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেশনের কাপড় আংশিকভাবে পুড়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।


কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজা সেখ জানান, ফজরের নামাজ শেষে মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে তিনি ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করা জরুরি।


সম্পর্কিত খবর