জাতীয়

নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

ডেস্ক

শেয়ারঃ

নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার- খবরের থাম্বনেইল ফটো

দেশে মাধ্যমিক পর্যায়ের ৬৭০টি নতুন স্কুল, কলেজ এবং ক্যাডেট কলেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৪ জুন) দুপুরে রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে নতুন স্কুল, কলেজ ও ক্যাডেট কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ৬৭০টি নতুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের শিক্ষাখাতে একটি বড় কর্মসূচি।


নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, পরিসংখ্যানে অংশগ্রহণ কমে যাওয়ার কথা বলা হলেও বাস্তবে গ্রামাঞ্চলে নারীদের উপস্থিতি ছেলেদের তুলনায় বেশি দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় ‘ফুড ফর এডুকেশন’ কর্মসূচি চালুর মাধ্যমে এ অগ্রযাত্রার সূচনা হয়েছিল। পরে তা নগদ সহায়তা ও উপবৃত্তি কর্মসূচিতে রূপান্তরিত হয়।


এহছানুল হক মিলন বলেন, নারীদের জন্য উপবৃত্তি চালুর ফলে শিক্ষায় তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরবর্তীতে এ সুবিধা উচ্চমাধ্যমিক পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে এবং ধীরে ধীরে ডিগ্রি পর্যায়েও নেওয়া হচ্ছে। ভবিষ্যতে ছেলে ও নারী উভয়ের জন্য এ ধরনের সহায়তা চালুর পরিকল্পনা রয়েছে।


বাল্যবিয়ে প্রসঙ্গে তিনি বলেন, এটি এখনো গোপনেই ঘটছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। ১৮ বছরের নিচে কোনো বিয়ে হলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে।


এরপর মাদরাসা শিক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশের মাদরাসা শিক্ষায়ও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে এটি আরও কার্যকর ও কর্মমুখী হয়।


‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ)’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এতে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীসহ শিক্ষাবিদ ও ইউনিসেফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।


সম্পর্কিত খবর