ক্যাম্পাস

চবি সাংবাদিক সমিতির সঙ্গে দুই উপ-উপাচার্যের মতবিনিময়

চবি প্রতিনিধি

শেয়ারঃ

চবি সাংবাদিক সমিতির সঙ্গে দুই উপ-উপাচার্যের মতবিনিময়- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নবনিযুক্ত দুই উপ-উপাচার্য—একাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং প্রশাসনিক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুল ইসলামের সঙ্গে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৪ জুন) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়ের নিজ নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত দুই উপ-উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় উপ-উপাচার্যদের সামনে তুলে ধরেন।


এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রেফায়েত উল্ল্যাহ রুপক, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সোহেল রানা, দ্য ডেইলি ক্যাম্পাসের চবি প্রতিবেদক ও চবিসাসের সাবেক সহ-সভাপতি সুমন বাইজিদ, বর্তমান সহ-সভাপতি ও দেশ রূপান্তরের প্রতিবেদক আজিম সাগর, এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের চবি প্রতিবেদক মুহাম্মদ মুনতাজ আলি।


এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চবি প্রতিবেদক রাব্বি হোসাইন, অর্থ ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক ঢাকা ডায়েরির চবি প্রতিবেদক মোহাম্মদ মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং এনটিভির চবি প্রতিবেদক ফুয়াদ মন্ডল, পাশাপাশি সদস্যদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চবি প্রতিবেদক রেদওয়ান আহমদ, দৈনিক কালের কণ্ঠের চবি প্রতিবেদক সালাউদ্দিন সাকিব, দৈনিক আমার দেশের চবি প্রতিবেদক আতিকুর রহমান এবং দৈনিক আমার সংবাদের চবি প্রতিবেদক আব্দুল্লাহ আল নাঈমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকট বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি, গবেষণার সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।


এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় নবনিযুক্ত দুই উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক করার প্রত্যয় ব্যক্ত করেন।


তাঁরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি আধুনিক, গবেষণামুখী ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।


মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।


সম্পর্কিত খবর