ক্যাম্পাস
জবিকে নিয়ে ইউজিসির বাজেট বৈষম্যের প্রতিবাদে জকসুর মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে বৈষম্যের প্রতিবাদ এবং বাজেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ১৮৬ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
মানববন্ধনে জকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ বলেন, “গত বছরের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট কমেছে। বাজেট বৃদ্ধির পরিবর্তে কেন কমানো হলো, তার সুষ্ঠু ব্যাখ্যা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের কাছে চাই।”
জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, “বিগত সরকারের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্ষেত্রে অবহেলার শিকার হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বর্তমানে জবি অধিক বাজেট পাওয়ার দাবিদার। কিন্তু চলতি অর্থবছরে বরাদ্দ কমানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, বাজেট পুনর্বিবেচনা করে অন্তত দ্বিগুণ করা হোক।”
জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “আগের সরকার আমলে বলা হতো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানটি অবহেলিত ছিল। আমরা আশা করেছিলাম বর্তমান সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে। কিন্তু বাস্তবে এ বছর বাজেট আরও কমেছে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জবিতে দুটি হলের ব্যবস্থা করা হলেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়।”
জকসুর এজিএস মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুকসহ জকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





