ক্যাম্পাস

হিজাব নিয়ে কটাক্ষ ও দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

হিজাব নিয়ে কটাক্ষ ও দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব ও নিকাব সম্পর্কিত বক্তব্যের প্রতিবাদ এবং দেশব্যাপী ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।


সোমবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘হিজাব, নিকাব, পর্দা—আমার মায়ের মর্যাদা’, ‘হিজাব নিয়ে বিদ্বেষ রুখে দাও বাংলাদেশ’, ‘ধর্ষক আর চাঁদাবাজ, মিলেমিশে একাকার’সহ বিভিন্ন স্লোগান দেন।


মিছিল-পরবর্তী সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, জাতীয় সংসদে মনিরুল হক চৌধুরীর দেওয়া বক্তব্য দেশের নারী সমাজের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তিনি ওই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে সংসদে উপস্থিত অন্যান্য সদস্যদের প্রতিক্রিয়ারও সমালোচনা করেন।


তিনি আরও বলেন, ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকতে হবে। এ ধরনের বক্তব্য দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানে বলেও মন্তব্য করেন তিনি।


এদিকে, একই দিন দুপুর ১টায় জাতীয় সংসদে মনিরুল হক চৌধুরীর নিকাব-সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত নারী শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বক্তব্যটির নিন্দা জানিয়ে তা প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষমা প্রার্থনার দাবি জানান।


সম্পর্কিত খবর