জাতীয়
বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সরকারের কাছে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, “আমরা বেনজীরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনটি মামলার ওয়ারেন্ট ইতোমধ্যে সরকারের কাছে পাঠিয়েছি। এনসিবির (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) মাধ্যমে ইন্টারপোলের কাছে এই ওয়ারেন্টের কপি পাঠানো হবে।”
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, “ট্রাইব্যুনালের অন্তত ১০টি মামলার তদন্তে বেনজীরের সম্পৃক্ততা পাওয়া গেছে। শাপলা চত্বরের মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। কক্সবাজারের টেকনাফে এক হত্যা মামলায় ইতোমধ্যে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) প্রস্তুত করা হয়েছে, যা খুব শিগগিরই দাখিল করা হবে। এছাড়া আরও ছয় থেকে সাতটি মামলার তদন্ত তার বিরুদ্ধে চলমান রয়েছে। গুম-খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের বাইরেও আর্থিক অপরাধের একাধিক মামলা আছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে তার বিরুদ্ধে একটি মামলা করেছে।”
তিনি আরও বলেন, “সবকিছু বিবেচনায় নিয়ে আমরা তিনটি গ্রেপ্তারি পরোয়ানা সরকারের কাছে পাঠিয়েছি। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে তাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ (extradition) প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে এটি সময়সাপেক্ষ বিষয়।”
তিনি আরও বলেন, “তাকে দেশে ফিরিয়ে আনার পর চলমান মামলাগুলোতে তদন্ত ও বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”







