জাতীয়

মাজারে হামলায় জড়িতদের বিচারের দাবি সেলিম উদ্দিনের

ডেস্ক

শেয়ারঃ

মাজারে হামলায় জড়িতদের বিচারের দাবি সেলিম উদ্দিনের- খবরের থাম্বনেইল ফটো

দেশে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে হামলা চালিয়ে এর দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জামায়াতে ইসলামী শান্তি, সম্প্রীতি ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।


সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিরপুরের একটি মাজার মসজিদের খতিব আব্দুল মোমেনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।


এ সময় সেলিম উদ্দিন বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।


পরে উপস্থিত নেতাকর্মীরা আহত খতিবের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।


এরপর সেলিম উদ্দিন মিরপুর-১৩ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।


তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও সহিংসতার ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


সম্পর্কিত খবর