ক্যাম্পাস

ছাত্রত্ব শেষ হওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

ছাত্রত্ব শেষ হওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শেষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জিএস ইতোমধ্যে আবাসিক হল ছেড়েছেন, তবে ভিপি হল ছাড়ার জন্য প্রশাসনের কাছে অতিরিক্ত সময় চেয়েছেন।


সোমবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক আলোচনা সভায় তারা বিষয়টি তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, বিভিন্ন হলের প্রভোস্ট, রেজিস্ট্রার, জাকসু ও হল সংসদের নেতৃবৃন্দসহ ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।


এ বিষয়ে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষার সাত দিনের মধ্যে তিনি হল ত্যাগ করেছেন এবং তার কক্ষ অন্য শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।


জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, তিনি দেশের বাইরে থাকায় কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তিনি দ্রুতই একটি বাসা নিয়ে হল ত্যাগ করবেন বলে জানান।


এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাকসুর জিএস হল ত্যাগ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভিপিও আগামী সাত দিনের মধ্যে হল ত্যাগ করবেন।


শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ভিপির ছাত্রত্ব শেষ হওয়ায় তার হলে অবস্থান করার সুযোগ নেই এবং দ্রুত হল ছাড়ার আহ্বান জানান।


উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আবাসিক হল ত্যাগ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে ভিপির ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।


উল্লেখ্য, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৪৭তম ব্যাচের এবং জিএস মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। তারা জাকসু নির্বাচনের আগে এক বছর ড্রপ দেন। নির্বাচিত হওয়ার পর মাজহার তার পরবর্তী ব্যাচের সঙ্গে থিসিস জমা দিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তবে জিতু নির্ধারিত সময়ের মধ্যে তার স্নাতকোত্তরের ৫০৪ নম্বর কোর্স সম্পন্ন করতে ব্যর্থ হন।


সম্পর্কিত খবর