ক্যাম্পাস

জাতীয় মঞ্চে রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাতীয় মঞ্চে রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো- খবরের থাম্বনেইল ফটো

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব।


সোমবার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সে আয়োজিত সায়েন্স শো-তে জাদুঘর কর্তৃপক্ষের আমন্ত্রণে অংশ নেয় রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো টিম।


অনুষ্ঠানে দলটি ১৫টিরও বেশি ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় বিজ্ঞানভিত্তিক পরীক্ষণ (এক্সপেরিমেন্ট) প্রদর্শন করে দর্শকদের ব্যাপক সাড়া অর্জন করে। প্রদর্শিত পরীক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘জিনের বোতল’, ‘লেজিবল’, ‘দৈত্যের ধোঁয়া’, ‘সিংগিং পাইপ’, ‘ব্ল্যাক স্নেকস’, ‘টাকার আগুন’ এবং ‘ঘূর্ণায়মান বল’।


অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি খালিদ মাহমুদ, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি মো. আসাদুল ইসলাম এবং রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ক্লাবের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফা। এ সময় তোফায়েল আহমদ তোফা বিজ্ঞান জনপ্রিয়করণে রাবি সায়েন্স ক্লাবের অবদান ও কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন। এছাড়া ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ সংগঠনটির বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এর ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।


সায়েন্স শো-এর সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় নেতৃত্ব দেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলাইমান। তাঁর সঙ্গে সায়েন্স শো টিমে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক দিনার, প্রচার সম্পাদক মো. সোহান তানভীর, যোগাযোগ সম্পাদক মো. নয়ন উদ্দিন, অর্গানাইজার আবদুর রহমান খালিদ এবং মাহির আবসার অয়ন।


অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান বলেন, “রাবি সায়েন্স ক্লাবের শো দর্শকদের অনুপ্রাণিত করেছে। বিজ্ঞানকে যে এত প্রাণবন্তভাবে পরীক্ষণের মাধ্যমে উপস্থাপন করা যায়, তা রাবি সায়েন্স ক্লাব করে দেখিয়েছে। এটি আগামী প্রজন্মের বিজ্ঞানচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।”


এই অংশগ্রহণ রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এটিই প্রথম নয়। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫-এর কেন্দ্রীয় আয়োজনেও জাতীয় মঞ্চে দর্শকদের মুগ্ধ করেছিল রাবি সায়েন্স ক্লাব।


এবারের সায়েন্স শো-তে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবক এবং জাদুঘরে আগত দর্শনার্থীরাও প্রদর্শনী উপভোগ করেন।


রাজশাহী, ঢাকা, বরগুনা, নাটোর, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানপিপাসু শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে রাবি সায়েন্স শো টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


সম্পর্কিত খবর