জাতীয়
শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ, হত্যা এবং মরদেহ ছয় টুকরো করার মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার একই আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। মামলায় মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় নিজ বাসার পাশের মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় শিশু আয়াত। তদন্তে জানা যায়, মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী তাকে অপহরণ করেন। পরে কোথাও লুকিয়ে রাখার সুযোগ না পেয়ে তিনি আয়াতকে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ ছয় টুকরো করে সাগরে ফেলে দেন।
ঘটনার পর ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাটসংলগ্ন একটি স্লুইচ গেটের গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন একই এলাকা থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা।







