ক্যাম্পাস

‘সিইউ বাজেট ফেস্ট ২০২৬’ উপলক্ষে সংবাদ সম্মেলন

চবি প্রতিনিধি

শেয়ারঃ

‘সিইউ বাজেট ফেস্ট ২০২৬’ উপলক্ষে সংবাদ সম্মেলন- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় বাজেটকে সাধারণ মানুষের কাছে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের তম ব্যাচের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘সিইউ বাজেট ফেস্ট ২০২৬’।


বুধবার ( ১৭ জুন, ২০২৬) বিকাল ৩ টায় চবিসাস কার্যালয়ে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ১২ তম ব্যাচ সংবাদ সম্মেলন করেন।


আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ইভেন্ট চলমান থাকবে।


সংবাদ সম্মেলনে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক মো.মুফিদুর রহমান বলেন, “জাতীয় বাজেট একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও সাধারণ মানুষের কাছে এর জটিল পরিভাষা ও হিসাব-নিকাশ সহজে বোধগম্য হয় না। তাই শিক্ষার্থীদের মাধ্যমে বাজেটের বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য।”


তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায় প্রশাসন অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের তৃতীয় বর্ষের প্রায় ১০০ শিক্ষার্থী ১০টি দলে বিভক্ত হয়ে জাতীয় বাজেটের বিভিন্ন খাত ও সামষ্টিক অর্থনীতির বিষয়গুলো নিয়ে কাজ করবে।


দলগুলো মুদ্রাস্ফীতি, ভ্যাট, ব্যাংকিং খাত, শিক্ষা ও আইসিটি, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা, কৃষি, পরিবেশ, কর্মসংস্থান এবং আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে পোস্টার, ভিডিও, ইনফোগ্রাফিক ও সরাসরি উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরবে।


সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের আয়োজনটি শুধু একটি একাডেমিক উপস্থাপনা নয়; বরং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, দলগত কাজ এবং জনসচেতনতা বৃদ্ধির একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিটি দলে থাকবে গবেষক, কনটেন্ট ডেভেলপার, ভিডিও নির্মাতা, প্রেজেন্টার এবং জনসংযোগ (পিআর) সদস্য।


এসময় আয়োজকরা আরও জানান, দর্শনার্থীদের অংশগ্রহণ বাড়াতে থাকছে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, কুইজ ও ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’-এর ব্যবস্থা। বিচারক ও দর্শনার্থীদের ভোটের ভিত্তিতে সেরা দল নির্বাচন করা হবে।


সম্পর্কিত খবর