ক্যাম্পাস
রাবি ছাত্রদল নেতাদের ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদল নেতাদের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টায় রাজশাহী রেলস্টেশন এলাকায় প্রায় অর্ধশতাধিক অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাবার বিতরণ কার্যক্রমে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী অংশ নেন।
এ বিষয়ে শাকিল দেওয়ান বলেন, “আমরা বিভিন্ন সময় মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এর আগে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ‘৫ টাকায় দুপুরের খাবার’ কর্মসূচি চালু করেছিলাম। প্রতি ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় রেলস্টেশনে এসব মানুষের কষ্টের চিত্র চোখে পড়ে। অনেক দিন ধরেই তাদের একদিন পেট ভরে খাবার খাওয়ানোর ইচ্ছা ছিল। আজ সেই ইচ্ছার বাস্তবায়ন করতে পেরে ভালো লাগছে।”
রাবি ছাত্রদল নেতা মো. রাফিউ হোসেন সিয়াম বলেন, “আমরা নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করি। কিছু কার্যক্রম প্রচারের আলোয় আসে, আবার কিছু আসে না। আজকের আয়োজনের সংবাদ প্রকাশের মূল উদ্দেশ্য হলো সমাজের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সেই দায়িত্ববোধ থেকেই আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করি।”
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, "রাষ্ট্রের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে এরকম উদ্যোগ নেওয়া প্রয়োজন, এজন্যই আমরা রাজশাহী রেলস্টেশনে যে ছিন্নমূল মানুষগুলো রয়েছে তাদেরকে খাবার দিতে পেরেছি, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পেরেছি। ভবিষ্যতেেও আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
এ সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদল নেতা মো. শাকিল দেওয়ান, মো. রাফিউ হোসেন সিয়াম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, মানবিক এ উদ্যোগে উপকৃত মানুষেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।






