জাতীয়

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হবে জাতীয় চা দিবসের অনুষ্ঠান

ডেস্ক

শেয়ারঃ

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হবে জাতীয় চা দিবসের অনুষ্ঠান- খবরের থাম্বনেইল ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী ২০ জুন, শনিবার অনুষ্ঠিত হবে ‘জাতীয় চা দিবস উদযাপন ও জাতীয় চা পুরস্কার-২০২৬।’ বাংলাদেশ চা বোর্ড আয়োজিত এ বছরের চা দিবসের প্রতিপাদ্য ‘চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’।


শ্রীমঙ্গল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।


বাংলাদেশ চা বের্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, প্রতিবছর ২১ মে জাতীয় চা দিবস পালনের সিদ্ধান্ত থাকলেও চলতি বছর দিবসটির আনুষ্ঠানিক আয়োজন ২০ জুন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী।


আগামী শনিবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হবে। পরে চা শিল্পবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে চা শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও চা শ্রমিক প্রতিনিধিরা অংশ নেবেন।


আলোচনা সভা শেষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। এছাড়া প্রথমবারের মতো শ্রেষ্ঠ বটলিফ চা কারখানা ক্যাটাগরিতেও বিশেষ পুরস্কার দেওয়া হবে।


প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেবেন। এ উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড এবং দেশের শীর্ষস্থানীয় চা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে একটি চা প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।


বাংলাদেশ চা বোর্ডের তথ্যমতে, বর্তমানে দেশে ১৭২টি চা বাগান রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলের সমতল ভূমিতেও চা চাষ সম্প্রসারিত হয়েছে। দেশের চা শিল্পসংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে এবার ষষ্ঠবারের মতো জাতীয় চা দিবস উদযাপন করা হচ্ছে।


সম্পর্কিত খবর