ক্যাম্পাস

জাবি গ্রন্থাগারের কর্মকর্তার বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ, কাল বসবেন আরেক পদের ভাইভায়

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাবি গ্রন্থাগারের কর্মকর্তার বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ, কাল বসবেন আরেক পদের ভাইভায়- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের উর্ধ্বতন সহকারী গাজী মিরাজুল ইসলামের বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়া এবং পরবর্তীতে পদোন্নতি লাভের অভিযোগ উঠেছে। একই সাথে আগামীকাল প্রশাসনিক কর্মকর্তার ভাইভায় বসবেন তিনি।


অভিযোগ অনুযায়ী, মিরাজুল ইসলাম সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক বদিয়ার রহমানের মাধ্যমে গোপালগঞ্জের প্রভাব খাটিয়ে গ্রন্থাগারের নিম্নমান সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে চাকরি নেন। বর্তমানে পদোন্নতি পেয়ে তিনি উর্ধ্বতন সহকারী পদে কর্মরত রয়েছেন। কিন্তু তিনি প্রকৃত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে আজ পর্যন্ত মূল সনদপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে পারেননি।


মিরাজুল ইসলামের শিক্ষাগত সনদপত্র পর্যালোচনায় দেখা যায়, তিনি ১৯৯২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯৯৩ সালে উত্তীর্ণ হওয়ার সনদ গ্রহণ করেন। কিন্তু এইচ.এস.সি পরীক্ষা পাশ করার আগেই ঢাকার নামকরা সিটি কলেজ ও আইডিয়াল কলেজে ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে বি.কম (পাস) শ্রেণিতে ভর্তি হয়। এছাড়া দুই বছরের বি.কম (পাস) কোর্স মাত্র এক বছরে সম্পন্ন করে ১৯৯৪ সালে সনদ নেওয়ার বিষয়টিও সন্দেহজনক। (প্রতিবেদকের হাতে জাল সনদগুলোর তথ্য-প্রমাণ রয়েছে)।


এছাড়াও অভিযোগ রয়েছে, তিনি কম্পিউটার টাইপিষ্ট পদে চাকরি নিলেও কম্পিউটারে সম্পর্কে কিছু জানেনা এবং শেখার আগ্রহ করে না।


এ বিষয়ে অভিযুক্ত গাজী মিরাজুল ইসলাম বলেন, "এগুলো বোর্ড ভুল করেছে, আমি এখন আবার ঠিক করে নিয়ে এসেছি।"


যদি বোর্ড ভুল করে থাকে তাহলেও তো আপনি ভুল ট্রানক্রিপ্ট ও সার্টিফিকেট দিয়েই চাকরি নিয়েছেন।

একটা ফরমাল চাকরি ক্ষেত্রে দুইটা সার্টিফিকেটেই ভুল থাকা সত্বেও বিষয়টি আপনার চোখে পড়েনি? এমন প্রশ্নের

জবাবে তিনি বলেন, "দুইটাই বোর্ড ভুল করেছে এবং আমিও খেয়াল করেন নাই।"

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, মিরাজুল ইসলামের বিরুদ্ধে করা সনদ জালিয়াতির কোনো অভিযোগ এখনো আসেনি। অভিযোগ আসলে প্রমাণ সাপেক্ষে অবশ্যই তদন্ত করা হবে।


সম্পর্কিত খবর