জাতীয়

মাওলানা মামুনুল হক ইস্যু: সংসদে নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

ডেস্ক

শেয়ারঃ

মাওলানা মামুনুল হক ইস্যু: সংসদে নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সম্পর্কে সংসদে দেয়া নিজের বক্তব্য এক্সপাঞ্জ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


রোববার বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হলে স্পিকার এ কথা বলেন। এ সময় স্পিকার বলেন, আমি গত বৃহস্পতিবার এক অধিবেশনে মাওলানা মামুনুল হক সম্পর্কে কোনো ব্যক্তির ‘জীবনের অন্ধকার অধ্যায়’ বলে যে বক্তব্য দিয়েছিলাম তা এক্সপাঞ্জ করছি।


একইসাথে ঢাকা-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হক সম্পর্কে যে বক্তব্য দিয়েছিলেন সেটিকেও অনিভিপ্রেত অ্যাখ্যা দেন স্পিকার। তার সেই বক্তব্যও এক্সপাঞ্জ করেন তিনি।


এ সময় স্পিকার বলেন, যে ব্যক্তি সংসদে নেই বা যে ব্যক্তির নিজের সংসদে এসে তার বিরুদ্ধে দেয়া বক্তব্য ডিফেন্ড করার সুযোগ নেই তার বিষয়ে সংসদে কোনো বিরূপ মন্তব্য করা উচিত নয়। আপনারা করবেন না।


এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহ গীবিত করতে নিষেধ করেছেন। যিনি উপস্থিত নেই তার অনুপস্থিতিতে তার বিষয়ে বলা গীবত। সেটি যদি সত্যও হয়। আর বলা অভিযোগ যদি অসত্য হয় তাহলে তা তহমত। যার গুনাহ জিনার থেকেও বেশি। এজন্য মাননীয় স্পিকার আপনি যে সিদ্ধান্ত জানিয়েছেন তা সঠিক। আল্লাহ এজন্য আপনাকে উত্তম বিনিময় ও বারাকাহ দান করুন।


এর আগে বিএনপি দলীয় মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান গত দুদিন আগে মুন্সিগঞ্জে এক জনসভায় বক্তব্যে ‘এই এলাকার মানুষও নাকি চাঁদাবাজির শিকার’ হিসেবে উল্লেখ করেছেন। যদিও তিনি আমার নাম উল্লেখ করেননি। তিনি এখন সংসদে নেই। তিনি থাকলে এ বিষয়ে তিনি কেন মুন্সিগঞ্জবাসীর ওপর এ অভিযোগ করেছেন তা জানতে চাইতাম।


জবাবে স্পিকার বলেন, এটা কোনো পয়েন্ট অব অর্ডার হলো না, পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করা গেল না।


তিনি আরো বলেন, দেশে বাকস্বাধীনতা রয়েছে। তা ছাড়া রাজনীতিবিদরা অনেক কথা বলেন। সংসদের বাইরে যে কথা তা সংসদের বাইরে জবাব দেয়া যায়। সংসদে কোনো কথা বললে আপনার নাম উল্লেখ থাকলে তা ২৭৪ বিধিতে জবাব দিতে পারেন। তা ছাড়া আপনার এখানে ভ্যালিড কোনো অভিযোগ নেই। সংসদে আপনার নামে কোনো অভিযোগ করলে সংসদে তার জবাব দিতে পারেন। বাইরের বিষয় বাইরে থাকুক।


সম্পর্কিত খবর