জাতীয়

আচরণবিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইসি আব্দুর রহমানেল মাছউদ

ডেস্ক

শেয়ারঃ

আচরণবিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইসি আব্দুর রহমানেল মাছউদ- খবরের থাম্বনেইল ফটো

নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।


বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি যদি আইন বা আচরণবিধি ভঙ্গ করেন কিংবা তার মধ্যে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায়, তবে অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।


ইসি মাছউদ বলেন, “নির্বাচনি দায়িত্বে কর্মরত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কেউ চাইলে কমিশনের ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ দায়ের করতে পারেন। অভিযোগ গুরুতর হলে কমিশন নিজেই তা আমলে নেবে এবং নির্ধারিত প্রক্রিয়ায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে।”


তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় কোনো কর্মকর্তা বা সদস্যের বিরূপ আচরণ কিংবা দুর্ব্যবহার যদি আইনগতভাবে আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে, সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে।


নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে সার্বিক নির্বাচনি পরিবেশ তুলনামূলকভাবে সন্তোষজনক রয়েছে। এ অবস্থায় তিনি সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান।


এ সময় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইসি আব্দুর রহমানেল মাছউদ তার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের নির্বাচনের সকল কার্যক্রম বাতিল হয়ে গেছে।


তিনি জানান, নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যেই শেরপুর-৩ আসনে নতুন করে নির্বাচনি তফসিল ঘোষণা করবে। তবে আইন অনুযায়ী কমপক্ষে ১৫ দিনের সময় দিতে হয় বিধায় আগামী ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল ঘোষণার সুযোগ নেই।


সম্পর্কিত খবর