ক্যাম্পাস

দৃষ্টিপ্রতিবন্ধী অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়ালেন রাবি ছাত্রদল নেতা শাকিল দেওয়ান

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

দৃষ্টিপ্রতিবন্ধী অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়ালেন রাবি ছাত্রদল নেতা শাকিল দেওয়ান- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। মানবিক এই উদ্যোগে নতুন আশার আলো পেয়েছেন আব্দুর রহমান (৬৫) নামের ওই বৃদ্ধ।


খোঁজ নিয়ে জানা যায়, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনের বারান্দায় মানবেতর জীবনযাপন করছিলেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরে জটিল চর্মরোগে ভুগছেন। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তাঁর পরিবার বা স্বজনদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


গত রবিবার (২১ জুন) রাবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাকিল দেওয়ান ও তাঁর বন্ধু রকি বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে বৃদ্ধকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁরা চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেন।


শাকিল দেওয়ান বলেন, “তাঁকে দেখে মনে হচ্ছিল অনেক দিন কেউ তাঁর পাশে বসেনি। খাবার ও পানি দেওয়ার পরও মনে হচ্ছিল, তাঁকে এভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না।”


পরে বিষয়টি জানাজানি হলে শাকিলের বড় ভাই গোপাল হাফিজ, ছোট ভাই এবং আরও কয়েকজন বন্ধু তাঁদের সঙ্গে যুক্ত হন। কোনো সংগঠনের ব্যানার বা আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়াই তাঁরা বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন।


শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে আব্দুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করানোর পরও শাকিল ও রকি তাঁর চিকিৎসা, ওষুধ সংগ্রহ, খাবারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার খোঁজখবর নেন। এমনকি তাঁরা হাসপাতালেই রাত কাটিয়ে তাঁর দেখভাল করেন।


শাকিল জানান, চিকিৎসা ও অন্যান্য খরচের বড় একটি অংশ তিনি নিজেই বহন করেছেন। এছাড়া বন্ধুদের ছোট ছোট সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের এক জ্যেষ্ঠ শিক্ষার্থীর আর্থিক সহায়তাও পেয়েছেন।


তিনি বলেন, “আমরা কেউ খুব বিত্তবান নই। কিন্তু একজন মানুষের কষ্ট চোখের সামনে দেখে চুপ করে থাকা আরও কঠিন ছিল।”


বর্তমানে আব্দুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সুস্থ হতে আরও সময় লাগবে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর