জাতীয়

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রেলমন্ত্রী

ডেস্ক

শেয়ারঃ

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রেলমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

রেলপথ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।


মঙ্গলবার (২৩ জুন) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নিচে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পদ্মা রেললিংক প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কর্মসূচির উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রী স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য দেন।


উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেলসেতু সংলগ্ন রেলওয়ের অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ করা হচ্ছে।


উল্লেখ্য, গত ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দে কক্সবাজারের ডুলাহাজরায় বৃক্ষরোপণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচির আওতায় রেলপথ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ রেলওয়ে নিজস্ব কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।


সিরাজদিখানের চর গলগলিয়া মৌজার উল্লিখিত স্থানে প্রাথমিকভাবে ১০০টি ফলদ, ১০০টি বনজ এবং ৫০টি ঔষধি—মোট ২৫০টি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই এলাকায় বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ১৮.৭০ একর ধানী ও পতিত জমিতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। দেশের বিভিন্ন স্থানে রেলওয়ের অব্যবহৃত জমিতে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম চলবে।


আগামী পাঁচ বছরে বাংলাদেশ রেলওয়ে ২৪ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে, যার মধ্যে চলতি বছরে ১ লাখ ৬০ হাজার গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।


সম্পর্কিত খবর