ক্যাম্পাস
জবিতে ২৩০ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ২০২৫-২০২৬ অর্থবছরের ২৩০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একই সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা শেষে তা অনুমোদনের জন্য সিন্ডিকেটে সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৮৮তম (বিশেষ) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অর্থ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদনের পাশাপাশি আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ওপর গুরুত্বারোপ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বাজেটের কার্যকর ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
অর্থ কমিটি সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগের অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী ২৯ জুন অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন সাপেক্ষে নতুন অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর, এসডিএফের চেয়ারপারসন ড. মোহাম্মদ আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট শাখা) লিউজা-উল-জান্নাহ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী এবং উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমানসহ অর্থ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।







