জাতীয়

মৌলভীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

জামায়াত ক্ষমতায় আসলে আপনারা এদেশে শান্তিতে থাকতে পারবেন না: এম নাসের রহমান

ডেস্ক

শেয়ারঃ

জামায়াত ক্ষমতায় আসলে আপনারা এদেশে শান্তিতে থাকতে পারবেন না: এম নাসের রহমান- খবরের থাম্বনেইল ফটো

মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে বিএনপির প্রার্থী এম নাসের রহমান বলেছেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপিই ধারাবাহিকভাবে ভূমিকা রেখে এসেছে। তিনি বলেন, “ধানের শীষের প্রতীক ছাড়া আপনাদের পাশে দাঁড়ানোর মতো রাজনৈতিক শক্তি বাস্তবে খুবই সীমিত। অতীতেও বিএনপি আপনাদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই জামায়াতে ইসলামী কখনোই এদেশের ক্ষমতায় আসবে না। আর যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে আপনারা এদেশে শান্তিতে থাকতে পারবেন না।”


বুধবার দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এম নাসের রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সহাবস্থানের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশবাসী এমন রাজনীতি চায় না, যা বিভাজন সৃষ্টি করে বা সহনশীলতার পরিবেশ বিনষ্ট করে।


নিজের নির্বাচনি এলাকার ভোটার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, মৌলভীবাজার-৩ আসনে মোট ভোটার প্রায় ৪ লাখ ৮৬ হাজার। এর মধ্যে সনাতন ধর্মাবলম্বী ভোটার রয়েছেন প্রায় ৯২ হাজার এবং চা-বাগানের শ্রমিক ভোটার প্রায় ৪০ হাজার। তিনি বলেন, চা-শ্রমিকসহ সাধারণ জনগণ ইতোমধ্যেই ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়েছেন বলে তিনি আশাবাদী।


তিনি আরও বলেন, “আপনারা অনেক সময় আমাদের ভোট না দিলেও বিএনপি কখনো আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি। আপনাদের পূজা-পার্বণ, ধর্মীয় অনুষ্ঠান ও সংকটকালে আমরা সবসময় পাশে থেকেছি।”


সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিনিধিত্ব প্রসঙ্গে এম নাসের রহমান বলেন, একসময় দেশে হিন্দু জনগোষ্ঠীর হার ছিল ১১–১২ শতাংশ, যা বর্তমানে কমে ৮–৯ শতাংশে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে ভবিষ্যতে দলীয়ভাবে চিন্তাভাবনার সুযোগ রয়েছে, যাতে জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব আরও কার্যকরভাবে নিশ্চিত করা যায়। এ বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন।


তিনি অভিযোগ করেন, অতীতে ক্ষমতাসীন দল সংখ্যালঘুদের ভোট ব্যবহার করলেও দলীয় বা রাষ্ট্রীয়ভাবে তাদের প্রত্যাশিত অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।


সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ও নতুন বাংলাদেশ বিনির্মাণে দেওয়া দিকনির্দেশনার প্রশংসা করেন।


মৌলভীবাজার জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাশের সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুপক দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বারের সিনিয়র অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, সাবেক অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, ধর্মীয় পণ্ডিত নিরঞ্জন গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রুনুকান্ত দত্তসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।


এর আগে মঙ্গলবার রাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুরূপ আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।


সম্পর্কিত খবর