ক্যাম্পাস

আমরা চাই ইউনিটি ইন ডাইভার্সিটি, এটিই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ: সংস্কৃতি মন্ত্রী

জবি প্রতিনিধি

শেয়ারঃ

আমরা চাই ইউনিটি ইন ডাইভার্সিটি, এটিই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ: সংস্কৃতি মন্ত্রী - খবরের থাম্বনেইল ফটো

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, "আমরা চাই ইউনিটি ইন ডাইভার্সিটি। এটিই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সংস্কৃতি হচ্ছে সোল অব এ নেশন—একটা জাতির আত্মা।" তিনি বাংলাদেশের বহুজাতিক, বহুধর্মী ও বহুসাংস্কৃতিক বাস্তবতার কথা তুলে ধরে রাষ্ট্রীয় জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে সাংস্কৃতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।


বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল উৎসব' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


তিনি বলেন, "বাংলাদেশ গানের দেশ, ধানের দেশ ও নদীর দেশ। মানুষের জীবন, প্রকৃতি এবং সংস্কৃতির সঙ্গে গান ওতপ্রোতভাবে জড়িত। গ্রামীণ জীবন, কৃষিকাজ, উৎসব এবং লোকজ ঐতিহ্যের প্রতিটি স্তরে সংগীতের উপস্থিতি রয়েছে। তাই এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের দায়িত্ব আমাদের।"


তিনি আরও বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পরিবারের সন্তান হলেও জমিদারদের মানবিক ও কৃষকদরদী হওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তবে তিনি জমিদারি প্রথা উচ্ছেদের পক্ষে সরাসরি অবস্থান নেননি। ইতালিতে মুসোলিনির আমন্ত্রণে গিয়ে তাঁর প্রশংসাসূচক মন্তব্য পরবর্তীকালে সমালোচনার জন্ম দেয়। তবে পরে সোভিয়েত ইউনিয়ন সফরের অভিজ্ঞতায় তিনি শ্রমজীবী মানুষের জীবন ও সমাজব্যবস্থা সম্পর্কে ইতিবাচক মূল্যায়নও তুলে ধরেন।" অন্যদিকে কাজী নজরুল ইসলামকে তিনি সর্বহারা মানুষের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, "নজরুলের প্রাতিষ্ঠানিক শিক্ষা সীমিত হলেও জীবনসংগ্রাম, বাস্তব অভিজ্ঞতা এবং মানুষের কাছ থেকে অর্জিত শিক্ষা তাঁকে অসাধারণ উচ্চতায় নিয়ে গেছে। শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল আপসহীন। এই কারণেই নজরুল সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন।"


জাতীয় পরিচয় ও রাষ্ট্রচিন্তার প্রসঙ্গে তিনি বলেন, "পাহাড়, সমতল, উপকূল ও বিভিন্ন অঞ্চলে বসবাসরত বহু জাতি, জাতিসত্তা ও নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর সমন্বয়ে বাংলাদেশ গঠিত।"


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।


আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) নজরুল-পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।


উল্লেখ্য, দুই দিনের এ উৎসবে দেশের বিশিষ্ট সংগীতশিল্পীরা রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত পরিবেশন করবেন। উৎসবের সভাপতিত্ব করছেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায়।


সম্পর্কিত খবর