ক্যাম্পাস
THE Impact Rankings 2026-এ রুয়েটের আন্তর্জাতিক স্বীকৃতি

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের ভিত্তিতে প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন (THE) ইমপ্যাক্ট র্যাংকিংস ২০২৬-এ স্থান করে নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আন্তর্জাতিক এই মূল্যায়নে বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী ৬০১-৮০০ ব্যান্ডে অবস্থান অর্জন করেছে, যা দেশের প্রকৌশলভিত্তিক উচ্চশিক্ষা খাতে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
উচ্চশিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE) প্রতিবছর এ র্যাংকিং প্রকাশ করে থাকে। জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাস্তব অবদান, গবেষণা, শিক্ষাদান, সামাজিক সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ওপর ভিত্তি করে এ মূল্যায়ন সম্পন্ন হয়।
এবারের র্যাংকিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিভিন্ন সূচকে মূল্যায়নের ভিত্তিতে রুয়েট সার্বিকভাবে ৬০.৭ থেকে ৬৬.১ স্কোর অর্জন করেছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়টির অগ্রযাত্রার ইতিবাচক প্রতিফলন।
র্যাংকিংয়ের বিভিন্ন সূচকের মধ্যে পার্টনারশিপস ফর দ্য গোলস (এসডিজি-১৭)-এ রুয়েটের স্কোর ৪৭.৫-৫৩.৬। এছাড়া মানসম্মত শিক্ষা (এসডিজি-৪)-এ ৬৮.৫-৭৪, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন (এসডিজি-৬)-এ ৫৮.৭-৬৭.২ এবং সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি (এসডিজি-৭)-এ ৫৫.৪-৫৯.৮ স্কোর করেছে বিশ্ববিদ্যালয়টি। এসব সূচকে অর্জিত ফলাফল শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন ও টেকসই উদ্যোগে রুয়েটের কার্যকর ভূমিকার প্রতিফলন বহন করে।
রুয়েটের এই অর্জনকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, বৈশ্বিক এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের ভবিষ্যতে আরও নিবেদিতভাবে কাজ করতে উৎসাহিত করবে।
THE Impact Rankings 2026-এ বাংলাদেশের মোট ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবারের র্যাংকিংয়ে স্থান পেয়েছে রুয়েট ও এমআইএসটি। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ তালিকায় স্থান পায়নি।
THE ইমপ্যাক্ট র্যাংকিংস মূলত বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, শিক্ষাদান কার্যক্রম এবং সামাজিক সম্পৃক্ততাকে মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়। এর আওতায় মানসম্মত শিক্ষা, দারিদ্র্য বিমোচন, পরিচ্ছন্ন জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই শিল্প ও উদ্ভাবনসহ জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোর অবদান বিবেচনায় নেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব অবকাঠামো, টেকসই নগরায়ণ এবং জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনের ক্ষেত্রে রুয়েটের এই অর্জন দেশের প্রকৌশল শিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে।







