জাতীয়

ভারতে মুসলিমদের অধিকার রক্ষার আন্দোলনে সংহতি জানাল জেডিপি

ডেস্ক

শেয়ারঃ

ভারতে মুসলিমদের অধিকার রক্ষার আন্দোলনে সংহতি জানাল জেডিপি- খবরের থাম্বনেইল ফটো

ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বৈষম্য, সামাজিক ও রাজনৈতিক প্রান্তিকীকরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এবং সাংবিধানিক অধিকার সংকুচিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। একই সঙ্গে দেশটির মুসলিমদের অধিকার রক্ষায় ঘোষিত আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে দলটি।


বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ এসব কথা বলেন।


নাঈম আহমাদ বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা, মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। এ প্রেক্ষাপটে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) ঘোষিত দেশব্যাপী আন্দোলন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।


তিনি জানান, সংখ্যালঘু মুসলিমদের জীবন, সম্পদ, সম্মান এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার লক্ষ্যে এআইএমপিএলবি জাতীয় অ্যাকশন কমিটি ও ৩০ সদস্যের কর্মসমিতি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রাজ্যভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে তুলে আন্দোলনকে সর্বভারতীয় পর্যায়ে বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


নাঈম আহমাদের মতে, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের প্রচেষ্টা, মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর ধারাবাহিক চাপ এবং সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার সীমিত করার প্রবণতা গণতন্ত্র, বহুত্ববাদ ও ধর্মীয় স্বাধীনতার মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।


তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, ন্যায়বিচার ও বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জেডিপি ভারতের মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও দলিতসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সংলাপ, যোগাযোগ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।


জেডিপির আহ্বায়ক আরও বলেন, ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে সকল মানুষের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার সংগ্রাম একটি সার্বজনীন মানবিক দায়িত্ব।


সম্পর্কিত খবর