জাতীয়
সেন্টমার্টিনে ‘সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক’ চালুর প্রতিশ্রুতি দিলেন জামায়াত প্রার্থী

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী জানিয়েছেন, নির্বাচিত হলে সেন্টমার্টিন রুটে ‘সি-অ্যাম্বুল্যান্স’ ও ‘সি-ট্রাক’ সার্ভিস চালু করা হবে, যাতে দ্বীপের জনগণের পরিবহন ও স্বাস্থ্যসেবা সহজতর হয়।
বুধবার টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১২ তারিখের পর থেকে সব চাঁদা বন্ধ হবে। দ্বীপের মানুষের কোনো দুঃখ থাকবে না। আমি সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে এবং দ্বীপের অবকাঠামোগত উন্নয়ন ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বিশেষ নজর দেওয়া হবে।
পথসভায় কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হোসাইন সিদ্দিকী, টেকনাফ পৌরসভা জামায়াতের সহ-সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মো. ইসমাইল, সাবেক উপজেলা শিবির সভাপতি সিদ্দিকুর রহমান, মুফতি জয়নাল আবেদীন ও জামায়াত নেতা আব্দুর রহমান জিহাদী বক্তব্য রাখেন।
এসময় সেন্টমার্টিন ইউনিয়ন জামায়াতের আমির আবিবুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আজিজুর রহমান, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুর রহমানসহ ইউনিয়ন জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








