ক্যাম্পাস

রাবিতে শুরু হচ্ছে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৬

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাবিতে শুরু হচ্ছে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৬- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬। দুই দিনব্যাপী এই আয়োজন আগামী রবিবার (২৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে উদ্বোধন করা হবে এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামী রবিবার (২৮ জুন) বিকেল ৫টায়।


আয়োজক সূত্রে জানা যায়, দেশের ৭ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এতে অংশ নিবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ আয়োজনের মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া চর্চা, শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং তায়কোয়ানডোকে আরও জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়াডো প্রতিযোগিতা-২০২৬ এর সাংগঠনিক ও অভ্যর্থনা কমিটির সদস্য-সচিব মোসা. রোকসানা বেগম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রফেসর মো. আরিফুর রহমান (ডীন, কৃষি অনুষদ)


আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় পর্যায়ে মার্শাল আর্টভিত্তিক ক্রীড়া কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ক্রীড়া সংস্কৃতি আরও সম্প্রসারিত করবে।


সম্পর্কিত খবর