জাতীয়

হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল

ডেস্ক

শেয়ারঃ

হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়েছে।


শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে শুরু হওয়া এ শোক মিছিলে নারী, পুরুষ ও শিশুসহ হাজারো মানুষ যোগ দিয়েছেন।


এর আগে, আজ ভোর থেকেই হোসেনি দালান প্রাঙ্গণে মানুষের ঢল নামে। কালো পোশাক পরিহিত শোকাহত মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোকের আবহে ছেয়ে যায়।


মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ছিল কালো পতাকা, তাজিয়া ও শোকের বিভিন্ন প্রতীক। কারবালার ঘটনার স্মরণে কেউ প্রতীকী সাজে, কেউ ঐতিহ্যবাহী পোশাকে মিছিলে যোগ দিয়েছেন। শিশুদের মধ্যেও কারবালার স্মৃতিবিজড়িত প্রতীকী পোশাক ও সাজ দেখা যায়। মিছিলজুড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি উচ্চারণের মধ্য দিয়ে শোক প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।


মিছিল শুরুর আগে হোসেনি দালান ইমামবাড়ায় কারবালার শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মিছিলটি লালবাগ-আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি গিয়ে শেষ হবে।


মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, ৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও সঙ্গীরা সত্য ও ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের সেই আত্মত্যাগের স্মরণে প্রতিবছর আশুরার দিনে এ তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়।


হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মীর জুলফিকার আলী বলেন, ‍“শান্তিপূর্ণভাবে শোক মিছিল সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো কর্মসূচিতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।”


আশুরা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দা, ছুরি, বর্শা, তরবারি, লাঠিসহ অস্ত্রসদৃশ বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে। মিছিলের পুরো পথে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।


সম্পর্কিত খবর