জাতীয়
হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচার চাইল জমিয়ত

সুনামগঞ্জের দিরাইয়ে ২০০৪ সালের গ্রেনেড হামলা মামলায় সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি রায়কে প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং মামলার পুনর্বিচারের দাবি তুলেছে।
শুক্রবার (২৬ জুন) এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
বিবৃতিতে মুফতি ইমরানুল বলেন, প্রায় ২১ বছর ধরে চলা এ মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে একই ঘটনায় অভিযুক্ত একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি খালাস পেলেও একজন আলেম ও হাফেজে কুরআনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
তার দাবি, প্রকাশিত তথ্য অনুযায়ী হাফেজ নাঈম আহমদ আরিফের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ সাক্ষ্য কিংবা সুস্পষ্ট বস্তুগত প্রমাণ উপস্থাপিত হয়নি। এমন পরিস্থিতিতে কেবল জবানবন্দির ভিত্তিতে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি দেওয়া ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।
উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক বলেন, বিচার বিভাগের মর্যাদা ও জনগণের আস্থা অটুট রাখতে প্রতিটি মামলায় সমতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। কোনো ব্যক্তি রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে তা একটি সভ্য রাষ্ট্রের বিচারব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বিচারিক পর্যালোচনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ন্যায়বিচারের স্বার্থে মামলার সব দিক পুনরায় গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করার দাবি জানানো হয়েছে।
বিবৃতির শেষাংশে মহান আল্লাহ তাআলার কাছে সত্য ও ন্যায়ের বিজয় কামনা করা হয়।







