ক্যাম্পাস

সুইমিংপুল ছাড়াই আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা, তৃতীয় ছেলেরা

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

সুইমিংপুল ছাড়াই আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা, তৃতীয় ছেলেরা- খবরের থাম্বনেইল ফটো

নিজস্ব সুইমিংপুল না থাকা সত্ত্বেও আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। একই প্রতিযোগিতায় ছাত্র বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।


২৬ ও ২৭ জুন দুই দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ছয়টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।


প্রতিযোগিতায় যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিতু আক্তার মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক, ৫০ মিটার বাটারফ্লাই, ৫০ মিটার ব্যাকস্ট্রোক এবং ৫০ মিটার ফ্রিস্টাইল—এই চারটি ইভেন্টেই স্বর্ণপদক অর্জন করেন। একই বিভাগের আরেক শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার চারটি ইভেন্টেই রৌপ্যপদক লাভ করেন। চারটি স্বর্ণপদক জয়ের পাশাপাশি প্রতিযোগিতায় ছাত্রী বিভাগের সেরা সাঁতারু নির্বাচিত হন মিতু আক্তার। অন্যদিকে, ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেন যবিপ্রবির শিক্ষার্থী মামুন আলী।


মিতু আক্তার বলেন, "মেয়েদের চারটি ইভেন্টেই প্রথম স্থান অর্জন এবং প্রতিযোগিতার সেরা সাঁতারু হতে পেরে খুবই ভালো লাগছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়েও প্রতিনিধিত্ব করতে চাই। তবে দুঃখজনক বিষয় হলো, আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো সুইমিংপুল নেই। দীর্ঘদিন ধরে আমরা একটি মানসম্মত সুইমিংপুলের আশ্বাস শুনে আসছি, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। এ কারণে কিছুটা হতাশাও কাজ করে।"


শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক ও দলের ম্যানেজার আব্দুল্লাহ হেল কাফি বলেন, "যে বিশ্ববিদ্যালয়ে এখনো নিজস্ব সুইমিংপুল নেই, সেই বিশ্ববিদ্যালয়ই আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে—এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফলেই এই সাফল্য এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক সুইমিংপুল নির্মাণ করা হলে শিক্ষার্থীরা আরও উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।"


উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নিজস্ব কোনো সুইমিংপুল নেই। ফলে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সাঁতার ক্লাস পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের বাইরের পুকুর ব্যবহার করা হয়। এছাড়া বিভাগের জাতীয় পর্যায়ের সাঁতারুরাও নিয়মিত অনুশীলনের জন্য প্রয়োজনীয় সুইমিংপুল সুবিধা থেকে বঞ্চিত।


সম্পর্কিত খবর