ক্যাম্পাস
প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রোববার (২৮ জুন) বিকেলে রাবি জিমনেসিয়ামে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় স্বাগতিক রাবির ছাত্ররা ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে। অন্যদিকে ছাত্রীরা ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হয়।
প্রথম রানারআপ হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের ছাত্ররা ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ এবং ছাত্রীরা ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক অর্জন করে।
দ্বিতীয় রানারআপ হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের ছাত্ররা ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করে। অন্যদিকে মেয়েদের বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ১টি স্বর্ণ পদক লাভ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। এছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস সাব-কমিটির সভাপতি ও কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আরিফুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোছা. রোকসানা বেগমসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ৭টি বিশ্ববিদ্যালয়ের ৭১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।







