ক্যাম্পাস

বন্যপ্রাণী চিকিৎসা, সংরক্ষণ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণে সিকৃবি শিক্ষার্থীদের শিক্ষাসফর

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

বন্যপ্রাণী চিকিৎসা, সংরক্ষণ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণে সিকৃবি শিক্ষার্থীদের শিক্ষাসফর- খবরের থাম্বনেইল ফটো

বন্যপ্রাণীর চিকিৎসা, ব্যবস্থাপনা, পুনর্বাসন এবং প্রকৃতিতে অবমুক্তকরণ কার্যক্রম সম্পর্কে জানতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।


শনিবার (২৭ জুন) দিনব্যাপী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মতিউর রহমান ও সংশ্লিষ্ট কোর্স শিক্ষক প্রফেসর ড. মোঃ বাশির উদ্দিন এর নেতৃত্বে ২ জন শিক্ষক ও ৯২ জন শেষ বর্ষের শিক্ষার্থীসহ একটি দল শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।


পরিদর্শনকালে শিক্ষার্থীরা আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণীর উদ্ধার, চিকিৎসা,ব্যবস্থাপনা, পুনর্বাসন এবং প্রকৃতিতে অবমুক্তকরণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। একই সঙ্গে তারা পশু-পাখির জীবন রক্ষা ও কল্যাণে পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।এছাড়াও এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা বন্যপ্রাণীর চিকিৎসা ব্যবস্থাপনা, গবেষণা কার্যক্রম এবং পশু-পাখির জন্য ওষুধ ও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে পরিচালিত গবেষণামূলক কার্যক্রম নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী প্রফেসর ড. মোঃ মতিউর রহমান বলেন, "প্রতি বছরের ন্যায় এবছরও জ্যু/ওয়াইল্ড এনিম্যাল মেডিসিন কোর্সের অংশ হিসেবে বন্যপ্রাণীর চিকিৎসা ও ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে পর্যবেক্ষণে মূলত এই পরিদর্শন কার্যক্রমের আয়োজন করা হয়েছে। আশা করছি এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা শিক্ষার্থীদের পরবর্তী পেশাদার জীবনে কাজে আসবে।"


পরিদর্শন শেষে অনুষদের মেডিসিন বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব কে প্রতিষ্ঠানের বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সিকৃবির প্রতিনিধি দলকে কিছু বিরল ফলজ ও ঔষধি গাছের চারা উপহার প্রদান করা হয়। উল্লেখ্য, আয়োজনকারীরা একমি ল্যাবরেটরিজ ও পপুলার ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষকে উক্ত পরিদর্শনে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।


সম্পর্কিত খবর