ক্যাম্পাস

বড় ব্যবসায়ীদের একটাই কার্যক্রম, ব্যাংক ঋণ নিয়ে ঋণখেলাপি থাকা - শিবির সেক্রেটারি

জবি প্রতিনিধি

শেয়ারঃ

বড় ব্যবসায়ীদের একটাই কার্যক্রম, ব্যাংক ঋণ নিয়ে ঋণখেলাপি থাকা - শিবির সেক্রেটারি- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, "বড় বড় ব্যবসায়ীদের একটাই কার্যক্রম, সেটা হচ্ছে ব্যাংক থেকে কিভাবে লোন নিয়ে ঋণখেলাপি থাকা যায় এবং সেটা দিয়ে তাদের প্রতিষ্ঠানগুলো চালানো।"


সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, "এজন্য বিগত ১৬ বছরে আমরা যেটা দেখলাম, যে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। আমাদের একজন মন্ত্রীর প্রায় ৫০০-র অধিক বাড়ি ইউরোপের বিভিন্ন দেশে আছে। যেখানে ইউরোপের বড় বড় মানুষরা তাদের সারাজীবনের ইনকাম নিয়েও বাড়ি ঠিকঠাক মতো করতে পারেন না, সেখানে বাংলাদেশের একজন মন্ত্রীর ৩ শতাধিক, প্রায় ৫০০-র মতো বাড়ি পৃথিবীর বিভিন্ন দেশে ছিল। এই হলো আমাদের অবস্থা।"


নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরা আমাদের আশার আলো, তোমাদের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব, আমরা সে প্রত্যাশা রাখি। তোমরা হলে এমন একটি প্রজন্ম, যারা জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসে এসেছ। এবং আমরা একটা ক্যাম্পাস রেখে গেলাম। জুলাই বিপ্লব হয়েছে, এরপরে বিপ্লবের পরবর্তী তোমরা ক্যাম্পাসে এসেছ। তোমাদের অ্যাক্টিভিটিসের উপরে অনেক কিছু নির্ভর করতেছে। তোমরা কি আগের মতোই এ ক্যাম্পাসগুলোকে চালাবা, নাকি তোমরা এখানে নতুন কিছু দিবা? আগামী ৫টা বছর তোমাদের জন্য এটা অপেক্ষা করতেছে। তা আমি বিশ্বাস করি, যে তোমাদের কাছ থেকে আমাদের দেশ এবং জাতি অনেক কিছু পাবে, ইনশাআল্লাহ।"


শিবির সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং শিবির সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের এবং বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।


সম্পর্কিত খবর