ক্যাম্পাস

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিকৃবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিকৃবিতে আলোচনা সভা অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেট-এর উদ্যোগে রবিবার (২৯ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল— "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা"। প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি, জীববৈচিত্র্য, পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় সৃষ্ট চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় সচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।


অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ টি এম মাহবুব-ই-ইলাহি এবং প্রক্টর প্রফেসর ড. সামিউল আহসান তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন শাহ সাহেদা আখতার, অ্যাডভোকেট ও বিভাগীয় সমন্বয়ক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেট।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর আলিমুল ইসলাম বলেন , "পরিবেশ রক্ষায় আইন ও নীতিমালা থাকলেও সেগুলোর কার্যকর বাস্তবায়নে এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণে আইনি সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বালু উত্তোলন, নদী দখল, জলাশয় ভরাট ও বনভূমি ধ্বংসের মতো কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধ স্বার্থান্বেষী চক্র সক্রিয় রয়েছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা অপরিহার্য। পরিবেশ শুধু মানুষের নয়, সকল জীবের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"


বক্তারা বলেন," জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং জীববৈচিত্র্যের ক্ষয়সহ নানা ধরনের পরিবেশগত সংকট সৃষ্টি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব নীতি প্রণয়ন, কার্বন নিঃসরণ কমানো, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।"


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি ও র‍্যালির আয়োজন করা হয়।


সম্পর্কিত খবর