ক্যাম্পাস
গবেষণায় বরাদ্দ ছাড়াই জাবির ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। তবে এই বাজেটে ছিলো না গবেষণা খাতে বরাদ্দ।
সম্প্রতি (২৭ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব বাজেট প্রস্তাব উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
অনুমোদিত বাজেটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার জন্য সর্বোচ্চ ২০১ কোটি ৪৩ লাখ টাকা, যা মোট বাজেটের ৫৭ দশমিক ৭৭ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ সরবরাহ ও প্রশাসনিক ব্যয় খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭৮ কোটি ৩ লাখ টাকা (২২ দশমিক ৩৮ শতাংশ)।
এছাড়া পেনশন ও অবসর-সুবিধা খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৩৭ কোটি ১৪ লাখ টাকা (১০ দশমিক ৬৫ শতাংশ), যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের ৪৪ কোটি ২৪ লাখ টাকা থেকে কম।
কিন্তু এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব থেকে গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সরাসরি বরাদ্দ দেওয়া হবে।
এ ছাড়া যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে ১১ কোটি ৩৭ লাখ টাকা, অবকাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণে ৯ কোটি ৪৭ লাখ টাকা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে ২ কোটি ৮২ লাখ টাকা, যানবাহন ক্রয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট নথি অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে প্রায় ১৮ কোটি ৭০ লাখ টাকা ঘাটতি থাকলেও ২০২৫–২৬ অর্থবছরে তা বেড়ে ৯৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকায় পৌঁছেছে। চলতি অর্থবছরের হিসাব যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি শতকোটি টাকা অতিক্রম করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
এই বাজেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক ব্যয়ের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ রাখা হলেও গবেষণা ও উদ্ভাবন খাতে নিজস্ব অর্থ বরাদ্দ না থাকায় বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে।






