জাতীয়

আরও কমল স্বর্ণের দাম, সোয়া দুই লাখের নিচে নামল ভরি

ডেস্ক

শেয়ারঃ

আরও কমল স্বর্ণের দাম, সোয়া দুই লাখের নিচে নামল ভরি- খবরের থাম্বনেইল ফটো

মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পরিশোধিত স্বর্ণের দাম কমায় এবার ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়।


মঙ্গলবার (৩০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।


সবশেষ গতকাল ২৯ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়।


এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল।


সম্পর্কিত খবর