ক্যাম্পাস
রাকসু গেমস: নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন খালেদা জিয়া হল

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) গেমস-২০২৬-এর আন্তঃহল নারী ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বেগম খালেদা জিয়া হল। মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বেগম রোকেয়া হলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে হলটির নারী ক্রিকেট দল।
নির্ধারিত ওভারে প্রথমে ব্যাট করে বেগম রোকেয়া হল ৬৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বেগম খালেদা জিয়া হল।
জয়ের পর হলটির প্রাধ্যক্ষ ড. শারমিন হামিদ বলেন, "জয় পেয়ে আমরা খুবই আনন্দিত। ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদের খেলোয়াড়রা দারুণ খেলেই এই জয় অর্জন করেছে। আমি আমার হলের নারী ক্রিকেটারদের আন্তরিক অভিনন্দন জানাই।"
এছাড়া, হল সংসদের পক্ষ থেকে এই সাফল্যের জন্য হলের ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, প্রাধ্যক্ষ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।






