ক্যাম্পাস

সিকৃবিতে টেকনোলজি ট্রান্সফার অফিস উদ্বোধন

সিকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

সিকৃবিতে টেকনোলজি ট্রান্সফার অফিস উদ্বোধন- খবরের থাম্বনেইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গবেষণালব্ধ উদ্ভাবনকে শিল্প ও ব্যবসায়িক খাতের সঙ্গে সংযুক্ত করা, বুদ্ধিবৃত্তিক সম্পদের (আইপি) সুরক্ষা নিশ্চিত করা এবং গবেষণার ফলাফল বাণিজ্যিকীকরণের লক্ষ্যে টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয় টিটিওর অফিসিয়াল ওয়েব পেজ।


মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের পঞ্চম তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে টিটিও উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।


অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের সহযোগিতায় এ টিটিও প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিল্পখাত ও ব্যবসায়ী মহলের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, প্রযুক্তি হস্তান্তর, পেটেন্ট, লাইসেন্স ও ট্রেডমার্কসহ বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা এবং গবেষণালব্ধ প্রযুক্তির বাণিজ্যিকীকরণে কাজ করা হবে।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদেই মেধাবী গবেষক রয়েছেন। তবে পর্যাপ্ত গবেষণা প্রকল্প ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে অনেক সম্ভাবনাময় গবেষণার ফলাফল জার্নাল ও গবেষণাপত্রের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। টিটিওর মাধ্যমে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ফলিত গবেষণার প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া, গবেষণাকে পেটেন্টে রূপান্তর এবং গবেষকদের মধ্যে উদ্ভাবনী ও উদ্যোক্তা মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার বলেন, টিটিও বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি গবেষণালব্ধ ফলাফলের পেটেন্ট, লাইসেন্স ও ট্রেডমার্কসহ বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিল্পখাতের চাহিদার সঙ্গে একাডেমিক গবেষণার সমন্বয় ঘটিয়ে প্রযুক্তি হস্তান্তরের কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে।


অনুষ্ঠানে সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় টিটিওর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে উপস্থাপনা করেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।


এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জসিম উদ্দিন আহম্মদ, বিভিন্ন সাব-প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার, সাউরেসের পরিচালক, আইসিটি পরিচালক, নির্বাহী প্রকৌশলী, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, টিটিও প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন ও অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. রুহুল আমিন।


সম্পর্কিত খবর