জাতীয়

চৌদ্দগ্রাম সীমান্তে নো ম্যানস ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক

শেয়ারঃ

চৌদ্দগ্রাম সীমান্তে নো ম্যানস ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ড থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টার দিকে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।


নিহত রোকেয়া বেগম গুচ্ছগ্রাম এলাকার মৃত আলী আশরাফের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা ও ভিক্ষাবৃত্তি করতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গুচ্ছগ্রাম-সংলগ্ন নো ম্যানস ল্যান্ড এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।


পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা সম্ভব হবে।


চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


সম্পর্কিত খবর