ক্যাম্পাস
শিক্ষক সংকট কাটাতে রুয়েটে ৪০ নতুন প্রভাষকের যোগদান

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে ১৭টি বিভাগে ৪০ জন নতুন প্রভাষক যোগদান করেছেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত এসব শিক্ষক মঙ্গলবার নিয়োগপত্র গ্রহণের পর বুধবার (১ জুলাই) নিজ নিজ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত উন্নত করা এবং গবেষণার পরিধি বাড়ানোর লক্ষ্যে নতুন এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে সর্বোচ্চ চারজন করে প্রভাষক যোগ দিয়েছেন। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিভাগে তিনজন করে শিক্ষক নিয়োগ পেয়েছেন।
ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই), ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) এবং ইংরেজি বিভাগে দুইজন করে প্রভাষক যোগ দিয়েছেন। অন্যদিকে গণিত, সমাজবিজ্ঞান, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএমই), বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম), আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) এবং পদার্থবিজ্ঞান বিভাগে একজন করে নতুন শিক্ষক দায়িত্ব গ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, নতুন শিক্ষকদের যোগদানের ফলে বিভাগগুলোর দীর্ঘদিনের শিক্ষকসংকট অনেকাংশে কমবে। একই সঙ্গে পাঠদান, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম আরও গতিশীল হবে। এতে শিক্ষার্থীরা অধিকতর মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ আরও শক্তিশালী হবে বলে তাঁদের প্রত্যাশা।
তাদের মতে, শিক্ষকসংখ্যা বৃদ্ধির ফলে গবেষণা সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, প্রকল্প অর্জন এবং বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে রুয়েটের অবস্থান উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।







