জাতীয়
শাওনের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, আইনি ব্যবস্থার দাবি জেডিপির

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের সাম্প্রতিক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শাওনের মন্তব্য উস্কানিমূলক এবং জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি অবমাননাকর।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘মেহের আফরোজ শাওনের জুলাইবিরোধী অবস্থান ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, ভারতের একটি গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশের কয়েকদিন পরই মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার ভাষ্য, বিষয়টিকে নিছক ব্যক্তিগত মতামত হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি দাবি করেন, শাওনের বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার অংশ হতে পারে। নাঈম আহমাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হওয়ার পরও শাওনকে মুক্তি দেওয়া হয়েছিল। সেই সময় তাকে যথাযথভাবে আইনের আওতায় আনা হলে বর্তমানে এ ধরনের মন্তব্য করার সুযোগ পেতেন না।
জেডিপির আহ্বায়ক আরও বলেন, মেহের আফরোজ শাওনকে বয়কট করা সকল দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দায়িত্ব। তিনি অভিযোগ করেন, শাওনের সাম্প্রতিক তৎপরতা সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।
সংবাদ সম্মেলনে ‘সফট আওয়ামী লীগ’ প্রসঙ্গ টেনে নাঈম আহমাদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অতীতের অধ্যায় এবং তাকে ঘিরে নতুন কোনো রাজনৈতিক প্রকল্প সফল হবে না। আওয়ামী লীগ মোকাবিলার প্রশ্নে দেশের মানুষ এখনও ঐক্যবদ্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি।
জেডিপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মাহতাব হোসেন সাব্বির, নাজমুন নাহার হাফসা, ইয়াসিন আরাফাত রাজ, কেন্দ্রীয় সদস্য শেহনাজ রশিদ খান, আব্দুল হামিদ এবং জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, জুলাই মাসের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। ওই পোস্টে তিনি লেখেন, ‘আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…’। পোস্টটি প্রকাশের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।







