জাতীয়
চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা ও প্রস্তাব পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা এবং চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) গঠনের জন্য বেইজিংয়ের প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত।
শুক্রবার (৩ জুলাই) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘আমরা আমাদের অঞ্চলের এ ধরনের সব ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।’
বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে আলোচনার বিষয়ে জয়সওয়াল বলেন, এ প্রকল্প সম্পর্কে ভারতের অবস্থান ইতিমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগিতা পারস্পরিকভাবে সম্মত একটি রোডম্যাপের ভিত্তিতে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়।’
তিনি আরও বলেন, ‘তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আগেই বাংলাদেশকে জানানো হয়েছে। ভারতের সামগ্রিক নীতিনির্ধারণে বাংলাদেশের সংশ্লিষ্ট সব ঘটনাপ্রবাহ বিবেচনায় রাখা হবে।’
এদিন সিন্ধু পানিচুক্তি নিয়েও ভারতের অবস্থান তুলে ধরেন জয়সওয়াল। তিনি বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তার ভাষ্য, ‘পাকিস্তানকে অবশ্যই বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ত্যাগ করতে হবে।’







