জাতীয়
গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ: ছুরিকাঘাতে জামায়াত নেতা গুরুতর আহত

ছবি : সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে এক সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কবির আহমেদ নামে এক জামায়াত নেতা গুরুতর জখম হয়েছেন। আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের জামায়াতে ইসলামীর সভাপতি বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা।
শনিবার (৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
আহতের স্বজন আক্তার হোসেন জানান, বিকেলে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে বিএনপি সমর্থকরা কবির আহমেদের কোমরের পেছনে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি কবির আহমেদ ফুলবাড়িয়া এলাকায় মোবাইল পার্টসের ব্যবসা করেন। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার তৌহিদ হোসেনের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই নেতাকে হাসপাতালে আনা হয় এবং দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এদিকে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কবির আহমেদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।







