ক্যাম্পাস
সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবি জকসুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তরসহ ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
আজ রোববার (৫ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জকসুর নেতৃবৃন্দ এই দাবি জানান। তাদের বাকি দুটি দাবি হলো- নির্মাণাধীন দুটি আবাসিক হল নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির বকেয়া অর্থ দ্রুত ছাড় করা।
প্রধান দাবি ও আলটিমেটাম
সংবাদ সম্মেলনে জকসুর ভিপি মো: রিয়াজুল ইসলাম বলেন, "দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে জকসু দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আসছে। প্রকল্পের ডিপিপি ইউজিসিতে পাঠানো হয়েছে এবং সংশোধনের পর পুনরায় জমা দেওয়া হলেও কাজ হস্তান্তরের বিষয়ে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।"
তিনি আরও বলেন, "এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে। আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরের বিষয়ে তিনি আন্তরিক এবং ইতিবাচক অবস্থানে রয়েছেন।"
জকসু জানায়, আগামী এক মাসের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা না হলে, ১৭ হাজার শিক্ষার্থীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয় জকসু।
হল নির্মাণ ও বিশেষ বৃত্তি
নির্মাণাধীন দুটি হল প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হল দুটির নির্মাণকাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছে। জকসু এই আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছে।
এছাড়া বিশেষ বৃত্তির বিষয়ে জানানো হয়, এখন পর্যন্ত ১০ কোটি টাকা ছাড় করা হয়েছে। তবে শিক্ষার্থীদের কল্যাণে বাকি ৪৬ কোটি টাকা দ্রুত বিতরণের জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে:
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও পাশে দাঁড়ানো,স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ, গ্রাফিতি অঙ্কন, র্যালি ও সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মসূচি
জকসুর নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে জকসুর ভিপি মো: রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, সমাজসেবা সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







